দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে রোশনা বেগম (৪০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হলেন, ওই গ্রামের আলিফ নূরের স্ত্রী।
প্রতিবেশীরা জানান, পারিবারিক টানাপোড়েনে রোশনা বেগম ও তার স্বামীর মধ্যে কলহ লেগেই থাকতো। সকালে বসত ঘরের তীরের সাথে রোশনা বেগমের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকেরা। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
দিরাই থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান জানান, পুলিশ মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।