স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সন্তান ও তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ ‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন।
নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা KidsRights প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।
জামিউল হাসান আরাফ বর্তমানে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি দোয়ারাবাজার উপজেলায়। তিনি মাধ্যমিকের পড়াশোনা শেষ করেছেন নিজ গ্রামের মিতালি পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য সিলেটে আসেন।
ছোটবেলা থেকেই শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কাজ করার প্রতি তার আগ্রহ তৈরি হয়। শিশুশ্রম, বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজের পাশাপাশি শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় লেখালেখির মাধ্যমে তুলে ধরছেন তিনি।
শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক প্রতিবেদন ও লেখা প্রকাশিত হয়েছে। তার লেখায় শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে।
KidsRights-এর প্রকাশিত প্রোফাইল অনুযায়ী, জামিউলের কাজের প্রধান ক্ষেত্র হিসেবে Child Labor, Child Marriage এবং Education উল্লেখ করা হয়েছে। শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতা তৈরির পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের বিভিন্ন সমস্যা মানুষের সামনে তুলে ধরছেন তিনি।
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার শিশু অধিকার ও কল্যাণে কাজ করা শিশু ও তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে বিভিন্ন দেশের তরুণদের এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
নিজের এই মনোনয়ন সম্পর্কে জামিউল হাসান আরাফ বলেন, শিশুদের জন্য করা কাজের স্বীকৃতি হিসেবে এই মনোনয়ন তার জন্য বড় একটি বিষয়। এটি তাকে ভবিষ্যতে শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণে আরও বেশি কাজ করতে অনুপ্রেরণা দিয়েছে।