স্টাফ রিপোর্টার: সারা দেশ যখন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচ উপভোগে মত্ত, ঠিক তখনই সীমান্ত গলিয়ে আসা চোরাই পণ্যের এক বিশাল চালান জব্দ করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালানটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) গভীর রাতে ৩ নং সুরমা ইউনিয়নের একটি চক্র ফুটবল ম্যাচের উত্তেজনাকে ঢাল হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করে। ম্যাচের সময় মানুষের তুমুল ব্যস্ততা ও মনোযোগের সুযোগ নিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও পাচারের উদ্দেশ্যে তারা তৎপর ছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় মাঠে নামেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সুরমা ইউনিয়নের ষোলঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উক্ত এলাকার মৃত মোহাম্মদ সুলতান আহমেদের ছেলে হোসাইন আজাদের বসত ঘরে তল্লাশি চালিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কাতান শাড়ির এই বিশাল চালানটি হাতেনাতে জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত শাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম) জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরণের চোরাচালান ও অবৈধ তৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে গেলেও তাদের চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।