অমিত তালুকদার: সুনামগঞ্জের ছাতক উপজেলার চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ এলাকায় নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ছাতক থানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও পাড়াপুঞ্জি মৌজার রহমতপুর, আলমপুর ও কাজীরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তরের দাবি, গত ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং সরেজমিন তদন্তে জানা যায়, ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাতের বেলায় নদীর পাড় কেটে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করা হয়েছে।
মামলার প্রধান আসামিদের মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন মেম্বার, জমির আলী, খালিক মিয়া, মাহমদ হোসন ও ধন মিয়া মেম্বারসহ মোট ২৬ জন। এছাড়া অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের ঘটনায় পরিবেশের ক্ষতি হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
সুনামগঞ্জ জার্নাল/এইচআর