দিরাই প্রতিনিধি: পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, যারা আওয়ামীলীগে আশ্রয় নিয়ে টেন্ডারবাজি, দূর্নীতি করছে এবং দলে বিভাজন সৃষ্টির পায়তারা করছে। তাদের থেকে সাবধান। তাদেরকে বিতাড়িত করা হবে।
তিনি দেশের উন্নয়নে বলেন, বিএনপি এদেশের জন্য কি করেছে। কয়টা মসজিদ-মন্দির, ব্রীজ, সড়ক করেছে। সবকিছুই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে আমূল বদলে দিয়েছেন।
রোববার বেলা সাড়ে ৩টায় সুনামগঞ্জের দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনিনএসব কথা বলেন।
দুদক পুলিশকে উদ্দেশ করে পরিকল্পনামন্ত্রী বলেন, খোঁজ নিয়ে দেখেন, আমার কোন ব্যাংকে কি আছে। আমি ক’টা বাড়ি গাড়ি করেছি।
সুনামগঞ্জে রেললাইন আমার কিংবা কোন এমপি সাহেবের হুকুমে হবে না। যেদিকে মানুষের বসবাস, ইঞ্জিনিয়ার যেদিকে বলবে সেদিকেই রেললাইন যাবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর জনপদে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। এই বাংলাদেশ এখন নিজের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারছে। নদীর তলদেশে টানেল নির্মিত হচ্ছে। সুনামগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অনেক উন্নয়ন কাজ হয়েছে। রেললাইন, বিমানবন্দর হবে। এগুলো শেখ হাসিনার অবদান।
দিরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সমীরণ দাসের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়ের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সহসভাপতি রেজাউল করিম শামীম, সহসভাপতি সৈয়দ আবুল কাশেম, সহসভাপতি ও শাল্লা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট অবণী মোহন দাস, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদস্য ও দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক যুগ্ম সচিব মিজানুর রহমান, দিরাই উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, প্রয়াত আছাব উদ্দিন সরদারের ভাতিজা শাহ আলম সরদার প্রমুখ।