অনলাইন ডেস্ক: চলতি ২০২৬-২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানিতে নগদ সহায়তা বা প্রণোদনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, খাতভেদে রপ্তানিকারকরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন।
রোববার (৫ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, মোট ৪৩টি পণ্য ও সেবা খাতকে নগদ সহায়তার আওতায় রাখা হয়েছে। এ সুবিধা চলতি অর্থবছরের ১ জুলাই থেকে আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পণ্য ও খাতভেদে রপ্তানিকারকদের জন্য নগদ সহায়তার হার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে।
তবে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট রপ্তানিকারককে তার ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক (অডিটর) বা অডিট ফার্মের মাধ্যমে রপ্তানি-সংক্রান্ত তথ্য ও দাবির নিরীক্ষা সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।