নিজস্ব প্রতিবেদক: মৎস্যজীবীদের সুবিধা এবং সরকারি রাজস্ব আদায়ের সুবিধার্থে জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সম্পর্কিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভূমিমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে জেলা ও উপজেলা পর্যায়ে জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা আগামী ৩০ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ (১৩ এপ্রিল, ২০২২) পর্যন্ত বাড়ানো হয়েছে।
সভায় বিভাগীয় পর্যায়ের ভূমি রাজস্ব সভা আরও ফলপ্রসূ করা, হোল্ডিং এন্ট্রির দক্ষতা বৃদ্ধি, মানবসম্পদ ব্যবস্থাপনা সফটওয়্যার, ই-পর্চা কার্যক্রম, আন্তঃজেলা/উপজেলা সীমানা বিরোধ নিষ্পত্তি, অবৈধ দখল উচ্ছেদ, ভূমিসেবা সপ্তাহ ২০২২ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
এ সময় ভূমি প্রশাসনের দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ও ভূমিসেবা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে ‘বার্তা’ অ্যাপ ব্যবহারের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের তথ্য আদান-প্রদানের অ্যাপ হচ্ছে ‘বার্তা’। তাৎক্ষণিক ভয়েস/টেক্সট আদান-প্রদানের সুযোগ, ভূমি মন্ত্রণালয়ের দপ্তর সংস্থার মধ্যে আন্তঃযোগাযোগ এবং তাৎক্ষণিক কেন্দ্রীয়/বিভাগভিত্তিক বা জেলাভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ আছে এ অ্যাপে।
সভায় দেশের সকল বিভাগীয় কমিশনার, তাদের প্রতিনিধি এবং ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।