হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুই যুবক স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে মাধবপুর পৌরসভার আলকপুর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম নাহিদ মিয়া (৩৬)। তিনি আলকপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। তিনি দৈনিক জনতার ইশতেহার ও স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার উপজেলা প্রতিনিধি। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নাহিদ মিয়া বলেন, মঙ্গলবার দুপুরে মাধবপুর বাজার হইতে বাড়িতে যাওয়ার জন্য অটো রিক্সায় উঠলে আলকপুর গ্রামের মিছির আলীর ছেলে আলকাছ মিয়া (২৪) একই অটোরিকশায় উঠে লাফালাফি করতে থাকে। এসময় সাংবাদিক নাহিদ মিয়া লাফালাফি না করতে বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে আলকাছ মিয়া অটোরিকশা থেকে নেমে অন্য রিক্সায় দ্রুত চলে যায়। সাংবাদিক নাহিদ মিয়া এসময় আলাকপুর গ্রামের জামে মসজিদের পূর্ব-উত্তর পার্শ্বে আব্দুল হালীমের দোকানের সামনে রিক্সা থেকে নামা মাত্রই আলকাছ মিয়া ও তার ভাই পলাশ মিয়া (২৬) পিছন থেকে আক্রমন করে। এসময় আলকাছ মিয়ার হাতে থাকা দা দিয়ে নাহিদ মিয়ার মাথায় আঘাত করতে গেলে হাত দিয়ে আটকানোর চেষ্টা করে সাংবাদিক নাহিদ। এতে তার হাত, নাক, পা পিঠসহ শরীলের বিভিন্ন স্থানে আঘাত পায়। এসময় সাংবাদিক নাহিদের পকেটে থাকা ১৭ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় আলকাছ মিয়া। ঘটনার বিষয়ে কারো কাছে বিচার শালিশের দ্বারস্থ হলে প্রানে মেরে ফেলার হুমকিও দেন আলকাছ ও তার ভাই পলাশ।
পরে স্থানীয়রা সাংবাদিক নাহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন সাংবাদিক নাহিদ মিয়ার উপরে হামলার ঘটনার অভিযোগ পেয়েছি।