নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূলের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার অভিযোগ এনে বিএনপি নেতারা যখন আওয়ামী লীগের ‘বিদায়ঘণ্টা বাজার’ কথা বলছেন, তখন তাদের প্রত্যুত্তরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপির বিদায় ঘণ্টাই এখন মানুষের হাতে। তিনি বলেন, ‘বিএনপি বিদায়ঘণ্টা বলার কে, বিদায়ঘণ্টা হচ্ছে বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায়ঘণ্টা ভেজে যায়, তাহলে আমরা বিদায় নেব। জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে, ক্ষমতা ছেড়ে চলে যাব।’
শনিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদির আহমদ প্রমুখ। পরে মন্ত্রী শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন করেন।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ হুমকির তোয়াক্কা করে না।’ ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ প্রশ্নে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ।
এর সমালোচনার জবাবে এম এ মান্নান বলেন, ‘জাতিসংঘে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করব দেশের স্বার্থের কথা চিন্তা করে। দেশের স্বার্থের কথা চিন্তা করে আমরা ভোটদানে বিরত ছিলাম। শুধু আমরা একা নয়, আরও অনেক রাষ্ট্র আমাদের সঙ্গে একই অবস্থানে অর্থাৎ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি ,আপনারা শান্তি প্রিয় অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ সাধ্যমত সহায়তা করবে।’