নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সদর হাসপাতালের স্বাস্থ্য পরিবারের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা সদর হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলটিস্ট ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আনিছুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল হক, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট রুকন উদ্দিন মোল্লা, মেডিকেল টেকনোলজিস্ট কামরুজ্জামান কামরুল, এসএম জাকারিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্য কর্মীরা নিজের জীবনের ঝুঁঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। এজন্য নিজেদের অনেক সহকর্মী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিয়ে গিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে। আমরা এই খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

এদিকে একই দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।