নিজস্ব প্রতিবেদকঃ আজ ৬ ডিসেম্বর। সুনামগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে হানাদারমুক্ত হয় স্বাধীনতার উপত্যকা খ্যাত মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি বিজড়িত ভাটির এলাকা সুনামগঞ্জ। অসংখ্য গেরিলা যুদ্ধ, সম্মুখ যুদ্ধসহ ১৯৭১ সালের মুক্তিযদ্ধে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এ জেলার হাজারও মুক্তিযোদ্ধা। ৭১ এ বার বার মোকাবিলা করেছে পাক হানাদার বাহিনীকে। মুক্ত রেখেছে জেলার অধিকাংশ স্থান।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সুনামগঞ্জ জেলা ছিল জাতীয়ভাবে বিভক্ত সেক্টর-৫ এর অন্তর্গত। ৫নং সেক্টরের বিস্তুৃতি মূলত সুনামগঞ্জ জেলা বা সাবেক সুনামগঞ্জ মহকুমাব্যাপী। সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল মীর শওকত আলী। সুনামগঞ্জ জেলা স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ মুক্তিযুদ্ধের সূচনা থেকে শেষ পর্যন্ত গৌরবজ্জ্বল ভূমিকা পালন করেছে। একই ভাবে অবদান রেখেছে এ জেলার সংগ্রামী ছাত্র জনতা ও সর্বস্তরের জনগণ। অনন্য উদাহরণ সৃষ্টি করেছে এ জেলার হাজার হাজার মুক্তিযোদ্ধা। বার বার মোকাবিলা করেছে পাক হানাদার বাহিনীকে। মুক্ত রেখেছে জেলার অধিকাংশ স্থান। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বেরিগাঁও ৫নম্বর সেক্টর ছিল ভারতের বালাট সাব সেক্টরের অধীনে। এখানে ৭১ সালের ১৫ আগস্ট ভোরে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্থানী বাহিনীর সম্মুখে সমরে ভয়াবহ যুদ্ধ হয়। জেলার অন্যতম যুদ্ধ ছিল এটি। এ যুদ্ধে অনেক পাকবাহিনীর সদস্যরাও নিহত হন। এ যুদ্ধে ৮জন মুক্তিযোদ্ধা শহীদ হন। ২৬ জন মুক্তিযোদ্ধাকে জীবিত ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। ২ জন মুক্তিযোদ্ধা পালিয়ে আসলেও পরে বেরিগাঁও ৫ নম্বর সেক্টরে আরো ২২জনকে মেরে ফেলে পাক বাহিনী। শহীদ মুক্তিযোদ্ধাদের এনে সুরমা ইউনিয়নের নলুয়া গ্রামে গণকবর দেয় পাকিস্থানীরা। অন্যদেরকে ধরে নিয়ে হানাদার বাহিনীর সদস্যরা সুনামগঞ্জের আহসানমারা ফেরীঘাটে নিয়ে ২ জনকে গুলি করে নদীতে ফেলে দেয়। এলাকার মুক্তিকামী মানুষ পরে নদী থেকে নিহত মুক্তিযোদ্ধা শহীদ তালেব ও কৃপেশ দাসের লাশ এনে দক্ষিন সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামে তাদের সমাহিত করা হয়। এ যুদ্ধের পরেই মুগাই নদী পাড় হয়ে নিরাপদ স্থানে চলে যান। পরবর্তীতে বর্ণনা করেন ভয়াবহ স্মৃতির। আজ এই দিনে সুনামগঞ্জ পাকহানাদার মুক্ত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন বলেন, জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিন ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১১টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে।