নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালু-পাথর বুঝাই নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে এমদাদুল হক আফিন্দীসহ ১০ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সুরমা নদীর দুর্লভপুর এলাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. ক. সিঞ্চন আহমেদ।
স্থানীয়রা ও র্যাব-৯ সুত্রে জানা যায়, প্রতিদিন জেলার জামালগঞ্জের দুর্লভপুর এলাকায় সুরমা নদীতে চাঁদাবাজি হয়। এমন অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি টিম র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার সিঞ্চন আহমেদের নেতৃত্বে আজ ভোরে বিশেষ অভিযান চালিয়ে এমদাদুল হক আফিন্দীসহ ১০জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কাউছার আহমেদ (৩৫), এমদাদুল হক আফিন্দী ছেলে মাহি আফিন্দী(২০), জয়নুল হক (৪০), বাদশা মিয়া(৩২), আব্দুল হোসাইন(৫২), নেছার আহমদ(৩০), সামি আফিন্দী(২০), আব্দুন নূর আফিন্দী(৩৩), মানিক মিয়া(৬৫)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির সরঞ্জামাদি, দুইটি নৌকা, ৮ টি লোহার রডসহ দেশিয় অস্ত্র ও নগদ ২২’শ ৩০ টাকা এবং কয়েকটি মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় র্যাব।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার লে. ক. সিঞ্চন আহমেদ জানান, দুর্লভপুর এলাকায় চাঁদাবাজির সময় ১০ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার সক্রিয় চাঁদাবাজ চক্র। নৌ-পথে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।