নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরান লক্ষণশ্রী গ্রামে এক কৃষকের খড়ের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে গ্রামের কিছু দুস্কৃতিকারীরা। ফলে গরুর গোখাদ্য(খড়)সহ টিন সেটের এই ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় এবং আশাপাশের গাছপালাও পুড়ে যায়।
সোমবার (১১ এপ্রিল) রাত ১০টায় পুরান লক্ষণশ্রী গ্রামের সুখময় তালুকদারের খড়ের ঘরে এঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থরা জানান, গ্রামের কিছু দুস্কৃতিকারীরা প্রভাবশালী হওয়ার কারণে এই সংখ্যালঘুর জায়গা জমি দখলে নিতে দীর্ঘদিন ধরেই এই সংখ্যালঘুকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করতেই আমাদের বাড়িঘরে একাধিকবার অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়ে বহাল তবিয়তে রয়েছেন। ক্ষতিগ্রস্থ লোকটি পুরান লক্ষণশ্রী গ্রামের মৃত অদ্বৈত্য তালুকদারের ছেলে। এতে ঘরসহ প্রায় একলক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনার দিন ছিল ক্ষতিগ্রস্থ কৃষক সুখময় তালুকদারের কাকীর শ্রাদ্ধানুষ্ঠান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের দৃস্কৃতিকারী চক্রটি গ্রামের সংখ্যালঘুদের বিভিন্নভাবে নির্যাতনসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করে তাদেরকে গ্রাম ছাড়া করে তাদের সহায় সম্বল দখলে নিতেই মরিয়া হয়ে উঠেছে তারা। চক্রটির নাম ঠিকানা জানার পর ও ভয়ে মুখ খুলতে রাজি নন ক্ষতিগ্রস্থরা।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ সুখময় তালুকদার জানান, এই প্রভাবশালী মহল বিভিন্ন সময় কারণে অকারণে আমাদেরকে গ্রামছাড়া করতে এমন অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়ে চলেছে। তার এবং গ্রামের সংখ্যালঘুদের নিশ্চিত নিরাপত্তা বিধানে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।