দোয়ারাবাজার প্রতিনিধি: ইউপি সদস্যকে ভোট দেয়ায় দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় অন্তত তিনটি বাড়িতে হামলা, লোকজনকে মারধর ও তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়ছে ।
বৃহস্পতিবার রাতে উপজেলার সুরমা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফলের পর ভোটে পরাজিত হয়ে বর্তমান ইউপি সদস্য শাহ আলমের নির্দেশে তাঁরই কর্মী সমর্থকরা হামলা, মারধর ও বাড়িঘর ভাঙচুর করে। এসময় হামলাকারা ক্ষুব্ধ হয়ে শসা ক্ষেত কেটে দেয়। ইউপি নির্বাচনে জয়ী প্রার্থী মাসুদ মিয়াকে ভোট দেয়ায় তাঁর সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।
এসময় এলোপাতাড়ি ভাঙচুর ও মারধর করতে থাকলে মাসুদ মিয়ার কর্মী সমর্থকদের মধ্যে আহত হন আবদুস সাত্তার (৪৯), আছিয়া বেগম (৪০), আনোয়ার হোসেন (৩৫), শিপা বেগম (২০), হামীম (৬মাস)।
ইসলামপুর গ্রামের আনোয়ার হোসেন ও আবদুস সাত্তার বলেন, আমরা শাহ আলম মেম্বারকে ভোট না দেয়ায় এরই জেরে পুরুষ শূন্য বাড়িঘরে হামলা চালিয়ে বেধড়ক মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটায়। তার কর্মী ও আত্মীয় স্বজনের ভয়ে আমরা বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছি।
সত্যতা জানতে চাইলে বর্তমান ইউপি সদস্য শাহ আলম বলেন, আমার কয়েকজন কর্মী ক্ষুব্ধ হয়ে বাড়িতে ঢিল মেরেছে জেনেছি। এরপর তাদের সতর্ক করে দিয়েছি।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, নির্বাচনী সহিংসতার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।