অনলাইন ডেস্কঃ আলাদা দুটি মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তার বিরুদ্ধে দায়ের হওয়া ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় এ রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।
এরআগে বিচারক রায় প্রস্তু করতে না পারায় গত ২১ অক্টোবর রায় ঘোষণা দিন ধার্য থাকলেও ওইদিন রায় দেয়া সম্ভব হয়নি। পরে ৯ নভেম্বর রায় প্রদানের দিন ঠিক করা হয়। তারও আগে বিচারক অসুস্থ থাকায় ৫ অক্টোবর রায় দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
সুরেন্দ্র কুমার সিনহা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- তৎকালীন ফারমার্স ব্যাংকের (বর্তমানে পরিবর্তিত নাম পদ্মা ব্যাংক) সাবেক এমডি এ কে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও স্ত্রী সান্ত্রী রায়।
তবে মামলার তদন্তকালেই মারা যান আসামি মো. জিয়াউদ্দিন আহমেদ। এ কারণে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়া আসামিদের মধ্যে পলাতক রয়েছেন এসকে সিনহা, সাফিউদ্দিন আসকারী, রনজিৎ চন্দ্র সাহা ও স্ত্রী সান্ত্রী রায়। আসামিদের বিরুদ্ধে ২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলা করেন। তাদের বিরুদ্ধে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাতের অভিযোগ আনা হয়।