নিজস্ব প্রতিবেদকঃ নিত্যপ্রয়োজনীয় দ্রবমূল্যের উর্ধগতি ও সারাদেশে সংখ্যালুগুদের মন্দিরে ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখা। রোববার বিকালে শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক এনাম আহমদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে দুর্গাপূজায় মন্দির ভাঙচুর করা হয়। যা মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সারাদেশে সংখ্যালুগুদের বাড়ি-ঘর, মন্দির ভাঙচুরকারীদের আইনের আওতায় এতে বিচার দাবি করেন বক্তারা।