নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে ইয়াবার বড় চালানসহ চিহ্নিত মাদক কারবারি ফারহানা আক্তার জুহেলিকে গ্রেপ্তার করেছে র্যাব।
তার হেফাজত থেকে প্রায় সাড়ে ৩৪ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়েছে। এসময় মুন্না মিয়া নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ ) বিকেলে মিরাবাজার এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ৯ এর গণমাধ্যম কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার সোমেন মজুমদার জানান, শাহপরান থানার শিবগঞ্জ সোনার পাড়া এলাকার মাহমুদ হোসেন রাসেল ও তার স্ত্রী ফারহানা আক্তার জুহেলি সিলেটে ইয়াবা কারবারিদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সাথে জড়িত। কিন্তু তাদের তাদের নাগালে পাওয়া যাচ্ছিলো না। বৃহস্পতিবার বিকেলে সহযোগীসহ ফারহানা আক্তার জুহেলিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব-৯ এর সদস্যরা। এ সময় তাদের হেফাজত থেকে ৩৪ হাজার ৩শ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮৩ হাজার ৮৮৫ টাকা, ৫০ ইউএস ডলার, ৪টি মোবাইল ফোন সেট ও ৪টি সিম জব্দ করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারকৃত জুহেলি ও মুন্নাকে জব্দকৃত আলামতসহ এসএমপির হযরত শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।