নিজস্ব প্রতিবেদক: আগামী ২৭ জানুয়ারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। এই নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শুক্রবার (১৪ জানুয়ারী ) দুপুরে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার এই প্রতীক বরাদ্দ দেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা অ্যাড. চান মিয়াসহ সকল প্রার্থী, সমর্থকরা।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন নূরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী(আওয়ামীলীগ বিদ্রোহী) হিসেবে কাপ-পিরিচ পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ নেতা দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) হিসেবে আনারস প্রতীক পেয়েছেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ বারী এবং জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন মো: আবু সালেহ।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

এদিকে প্রতীক বরাদ্দের পর পরই প্রার্থীগণ দুপুর ২টার পর থেকে মাইক যোগে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ মার্চ দোয়ারাবাজার উপজেলার নির্বাচন হয়। সেই নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুর রহিম চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: আব্দুর রহিমের মৃত্যু হলে পদটি শুন্য হয়। নির্বাচন কমিশনের তফশীল অনুযায়ী আগামী ২৭ জানুয়ারী দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১ লাখ ৩০ হাজার ৭৬ জন ভোটার বিভিন্ন সেন্টারে তাদের ভোট দিবেন।