অনলাইন ডেস্ক: যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট। এই রুটটি পুনরায় চালুর খবরে যুক্তরাজ্য প্রবাসী সিলেটিদের মধ্যে চরম স্বস্তি ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে ম্যানচেস্টার থেকে ২৬৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট (বিজি ২০৮) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, শনিবার ১৯২ জন যাত্রী নিয়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায় বিমানের আরেকটি ফ্লাইট (বিজি-২০৭)। বিমানবন্দরে পৌঁছানো যাত্রীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
সংবাদ সম্মেলনে খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, “সিলেটকে দেশের অন্যতম প্রধান পর্যটন ‘হাব’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।” আফরোজা খানম রিতা বলেন, “প্রবাসীদের ভোগান্তি দূর করতে এই রুটটি চালুর ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ম্যানচেস্টার রুটে ফ্লাইটের ধারাবাহিকতা বজায় রাখতে বিমান লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।” প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের চলমান সম্প্রসারণ কাজ শীঘ্রই সম্পন্ন হবে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে সরকার গঠন করলে এই রুটটি পুনরায় চালু করা হবে, যার চার মাসের মাথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।