তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় এক নবজাতকের লাশ ভেসে উঠলে খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলী গ্রাম সংলগ্ন যাদুকাটা নদীর পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
যাদুকাটা নদীতে কাজ করতে আসা শ্রমিকের নয়ন আহমেদ (২৩) জানান, সকালে জাদুকাটা নদীতে কাজ করতে গিয়ে তার সাথে থাকা কয়েকজন শ্রমিক ওই নবজাতকের লাশটি জাদুকাটার পানিতে ভাসতে দেখেন। পরে তারা সাবাই মিলে লাশটি পানি থেকে উদ্ধার করে নদীর পাড়ের বালুর উপর উঠিয়ে রাখেন। স্থানীয়রা ঘটনাটি বাদাঘাট পুলিশ ফাঁড়িতে জানালে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন ঘটনার স্থলে গিয়ে ওই নবজাতকের লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশর কাজ চলছে।